Loading...

দ্য শ্যাডো মাস্টার ডক্ট্রিন: হাকান ফিদানের স্ট্র্যাটেজিক মাইন্ডসেট এবং ভূরাজনৈতিক মারপ্যাঁচ

 দ্য শ্যাডো মাস্টার ডক্ট্রিন: হাকান ফিদানের স্ট্র্যাটেজিক মাইন্ডসেট এবং ভূরাজনৈতিক মারপ্যাঁচ
Advertisement
Advertisement — Place AdSense Code Here
Table of Contents
    তুরস্কের কূটনীতিক হাকান ফিদানের স্ট্র্যাটেজিক মাইন্ডসেট, গোয়েন্দা কৌশল, বহুমাত্রিক পররাষ্ট্রনীতি এবং সমসাময়িক ভূরাজনীতির প্রতীকী শিল্পচিত্র।

    হাকান ফিদানের কৌশলগত চিন্তা, গোয়েন্দা নেতৃত্ব এবং তুরস্কের বহুমাত্রিক ভূরাজনৈতিক অবস্থানকে প্রতীকীভাবে উপস্থাপনকারী শিল্পচিত্র

    Next Part...........

    ভূমিকা

    ড. হাকান ফিদান: ছায়ার জগতের ব্যাকরণ এবং একবিংশ শতাব্দীর কৌশলগত মনস্তত্ত্ব

    আন্তর্জাতিক সম্পর্কের জগতে কখনো কখনো একক কোনো ব্যক্তি একটি রাষ্ট্রের গতিপথকে এত গভীরভাবে পরিবর্তন করে দিতে পারেন যে, তাঁর আগের ও পরের সময়কাল যেন দুটি ভিন্ন যুগ বলে মনে হয়। হাকান ফিদান এমনই এক ব্যক্তিত্ব। যিনি তুরস্কের গোয়েন্দা ইতিহাসের দীর্ঘতম সময়ের প্রধান ছিলেন। এরপর সরাসরি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং এখনো বিশ্বমঞ্চে তুরস্কের কৌশলগত অবস্থানকে নতুন করে সংজ্ঞায়িত করছেন।

    ফিদানের জীবনপথ যেন রাষ্ট্রের ছায়াপ্রকরণের সঙ্গে বুদ্ধিবৃত্তিক কঠোরতার এক বিরল মিলন। ১৯৬৮ সালে আঙ্কারার হামামোনুতে জন্ম। তাঁর পিতা ভ্যান প্রদেশের এরজিশ জেলার কুর্দি হাসানান গোত্রের ও মাতা দেনিজলি (তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত দেনিজলি (Denizli) অঞ্চলের স্থানীয়) তুর্কি। এই দ্বৈত সাংস্কৃতিক পটভূমি তাঁকে জন্ম থেকেই একাধিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বকে দেখার একটি সহজাত ক্ষমতা দিয়েছিল। ১৯৮৬ সালে তুর্কি মিলিটারি একাডেমি থেকে স্নাতক হয়ে তিনি তুর্কি সশস্ত্র বাহিনীর র‍্যাপিড রিঅ্যাকশন ইউনিটে যোগ দেন এবং ন্যাটো মিশনে জার্মানিতে কাজ করেন। পরবর্তী পনেরো বছর তিনি নন-কমিশন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়টুকুই তাঁর চরিত্রের মৌলিক স্তম্ভগুলো তৈরি করেছিল। শৃঙ্খলা, কমান্ডের ভাষা, তথ্যবিনিময়ের কারিগরি দক্ষতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, চরম চাপের মধ্যেও শান্ত ও সুসংহত থাকার অভ্যাস।

    তবে ফিদানকে আলাদা করেছে তাঁর মধ্যে থাকা এক অদম্য বুদ্ধিবৃত্তিক কৌতূহল। সেনাবাহিনীতে থাকাকালীনই তিনি ন্যাটো মিশনে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড ইউনিভার্সিটি কলেজ থেকে পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্সেস-এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৯ সালে এই ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে University of Maryland Global Campus (ইউএমজিসি) বা মেরিল্যান্ড গ্লোবাল ক্যাম্পাস রাখা হয়েছে। ২০০১ সালে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে তিনি সম্পূর্ণ মনোযোগ দেন শিক্ষায়। বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন। তাঁর ১৯৯৯ সালের মাস্টার্স থিসিস, "Intelligence and Foreign Policy: A Comparison of British, American and Turkish Intelligence Systems", এবং ২০০৬ সালের পিএইচডি থিসিস, "Diplomacy in the Information Age: The Use of Information Technologies in Verification" —এই দুটি গবেষণাই ছিল একটি সুস্পষ্ট ঘোষণা, "গোয়েন্দাবিদ্যা আর সস্তা রোমাঞ্চের খেলা নয়। এটি একটি কঠোর বিদ্যায়তনিক শৃঙ্খলা এবং তার সঠিক প্রয়োগ ছাড়া কোনো রাষ্ট্রই আধুনিক বিশ্বের জটিল সমীকরণে টিকে থাকতে পারে না।"

    একাডেমিক জীবন শেষে ফিদান প্রবেশ করেন রাষ্ট্রযন্ত্রের গভীরে। তিনি তুর্কি কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির (TİKA) প্রেসিডেন্ট হন। এই সময় তিনি কেবল উন্নয়ন সহায়তা দেননি, বরং মধ্য এশিয়া, ককেশাস, বালকান ও আফ্রিকায় তুরস্কের সফট পাওয়ার ও মানবগোয়েন্দার একটি সুসংহত নেটওয়ার্ক তৈরি করেন। তিনি প্রধানমন্ত্রীর বৈদেশিক নীতি ও নিরাপত্তা বিষয়ক ডেপুটি আন্ডারসেক্রেটারি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) বোর্ড অব গভর্নরসের সদস্য, এবং প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এই প্রতিটি পদই তাঁকে রাষ্ট্রের বিভিন্ন স্তরের সঙ্গে প্রত্যক্ষভাবে পরিচিত করেছিল। কূটনৈতিক আলোচনা থেকে শুরু করে আন্তর্জাতিক চুক্তির যাচাইকরণ, মানবিক সহায়তা থেকে শুরু করে সংকটকালীন গোয়েন্দা অপারেশন পর্যন্ত ছিলো তাঁর কর্মপরিধি।

    ২০১০ সালের ২৭শে মে, মাত্র ৪২ বছর বয়সে, ফিদান তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার (MİT) প্রধান নিযুক্ত হন। তিনি ছিলেন MİT-এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী এবং প্রথম বেসামরিক প্রধান। এটি ছিলো একটি বিরল সংমিশ্রণ, যা তাকে প্রথাগত সামরিক গোয়েন্দা সংস্কৃতি ও আধুনিক বেসামরিক প্রশাসনের মধ্যে একটি সেতু তৈরি করতে সক্ষম করেছিল। পরবর্তী তেরো বছর তিনি MİT-কে বর্তমান গাঠনিক কাঠামোতে রূপান্তরিত করেন৷ গোয়েন্দার লক্ষ্য পুনঃসংজ্ঞায়িত করা হয়, মানবগোয়েন্দা নেটওয়ার্ক সম্প্রসারিত করা হয়, প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দাকে পররাষ্ট্রনীতির মূল চালিকাশক্তিতে পরিণত করা হয়। ফিদানের নেতৃত্বে MİT আর শুধু তথ্য সংগ্রহকারী সংস্থা ছিল না; এটি পরিণত হয় একটি কূটনৈতিক অস্ত্রে। যা তুরস্কের আন্তর্জাতিক অবস্থানকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে সক্ষম করে তোলে। ২০১৬ সালের ১৫ই জুলাইয়ের অভ্যুত্থান প্রচেষ্টার সময় তাঁর প্রাণনাশের চেষ্টাও ছিলো। তবুও তিনি তাঁর পথ থেকে বিচ্যুত হননি। শক্ত হাতে ধরেছিলেন রাষ্ট্রযন্ত্রের হাল। নস্যাৎ করে দিয়েছিলেন প্রতিপক্ষের প্রতিটি চাল।

    ২০২৩ সালের জুনে, ফিদান তুরস্কের ইতিহাসে প্রথম গোয়েন্দা প্রধান হিসেবে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী হন। তিনি এক বিরল ব্যক্তিত্ব, যিনি নিজের দুটি থিসিসেরই মৌলিক প্রশ্নগুলোর উত্তর বিশ্বমঞ্চে বাস্তবায়নের সুযোগ পেয়েছিলেন। তথ্য যুগে কূটনীতি কীভাবে কাজ করে? গোয়েন্দা ও পররাষ্ট্রনীতির মধ্যে সম্পর্ক কীভাবে সংগঠিত হতে পারে? তাঁর উত্তর ছিল —কূটনীতি আর বন্ধ দরজার পেছনের আলোচনা নয়; এটি ডেটা, প্রযুক্তি, ও নিরাপত্তার একটি সমন্বিত কাঠামো। যেখানে গোয়েন্দা তথ্য সরাসরি নীতিনির্ধারণের অংশ হয়ে ওঠে। তাঁর পররাষ্ট্রনীতি দর্শন প্রতিরক্ষামূলক বাস্তবতার যুক্তিতে চলে। যেখানে প্রতিটি কূটনৈতিক পদক্ষেপের পেছনে থাকে একটি গোয়েন্দা বিশ্লেষণ এবং প্রতিটি গোয়েন্দা অপারেশনের পেছনে থাকে একটি কূটনৈতিক লক্ষ্য। বর্তমানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত হন।

    এই গ্রন্থ ফিদানের কৌশলগত চিন্তার সেইসব স্তরকে উন্মোচিত করে যা সাধারণত পর্দার আড়ালে থাকে। তাঁর 'একাডেমিক ইন্টেলিজেন্স মডেল', 'নীরবতার মনস্তত্ত্ব', প্রাতিষ্ঠানিক রূপান্তরের পদ্ধতি, এবং তথ্যপ্রযুক্তি-নির্ভর সিদ্ধান্ত গ্রহণের কাঠামো। এমন এক ভাব ও ভাষায়, যেখানে ফিদানের থিসিস, মৌলিক থিওরি, সত্য ঘটনা, তাঁর মনস্তত্ব, গোয়েন্দা কৌশল, তাঁর দীর্ঘদিনের কার্যক্রম, বর্তমান কৌশলগত রাজনীতি ইত্যাদু হাত ধরাধরি করে আসে —তাত্ত্বিক আলাপে, গভীর, নিবিড়, নাটকীয়, থ্রিল, সংলাপ এবং হাইপোথিসিসের সংমিশ্রণে। আবার তুরস্কের অভিজ্ঞতার সমান্তরালে, গ্রন্থটি বাংলাদেশের মতো একটি ভূরাজনৈতিক বদ্বীপের জন্য এই ডকট্রিনের সম্ভাব্য প্রয়োগও পরীক্ষা করে। যেখানে অভ্যন্তরীণ গোয়েন্দা সিলো, বিদেশি লবি এবং আর্থ-সামরিক চাপের একটি অদৃশ্য জাল রাষ্ট্রের নীতিনির্ধারণী স্বাধীনতাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানায়।

    বইয়ের অধ্যায়গুলোর পরতে-পরতে আমরা ফিদানের চিন্তার প্রতিটি স্তর, তাঁর একাডেমিক ব্যাকগ্রাউন্ডের বিবর্তন, গোয়েন্দা সংস্কারের যুক্তি, কূটনীতির সামরিকীকরণ, এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পর্যায়ক্রমে অনুসরণ করব। এই গ্রন্থ কেবল একটি রাজনৈতিক জীবনী বা কূটনৈতিক ইতিহাস নয়; এটি একটি কার্যকরী রোডম্যাপ। যা দেখায় কীভাবে একটি রাষ্ট্র তার নিজস্ব তথ্যের সিলো ভেঙে সমন্বিত কমান্ড কাঠামো তৈরি করে এবং প্রতিটি নীতিনির্ধারণী সিদ্ধান্তকে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা বিশ্লেষণের আলোকে পুনঃসংজ্ঞায়িত করে নিজের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে পারে।

    অধ্যায় এক: দ্য মেকিং অফ আ শ্যাডো: একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও বুদ্ধিবৃত্তিক ভিত্তি

    আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি কিংবা জাতীয় নিরাপত্তার করিডোরে সবচেয়ে বড় বিভ্রমটি হলো—প্রকৃত ক্ষমতা কেবল মাঠপর্যায়ের দৃশ্যমান অ্যাকশন, পেশীশক্তি কিংবা তাৎক্ষণিক রিঅ্যাকশনের মাধ্যমে প্রদর্শিত হয়। বিশ্বজুড়ে তৈরি হওয়া সস্তা স্পাই থ্রিলারের আখ্যানগুলো সাধারণ মানুষের মগজে এই মিথটি গেঁথে দিয়েছে যে, একজন সফল গোয়েন্দা কর্মকর্তা কিংবা স্ট্র্যাটেজিস্টের মূল যোগ্যতা হলো তাঁর বন্দুকের নিশানা কিংবা অন্ধকার করিডোরে শত্রুকে কাইনেটিক পাওয়ার দিয়ে পরাস্ত করার ক্ষমতা। কিন্তু ইতিহাসের চাকা যারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন, তারা ভালো করেই জানেন যে এই ধরণের একমাত্রিক ও পেশীনির্ভর চিন্তাভাবনা দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় স্বার্থে প্রায়শই বড় ধরণের বিপর্যয় ডেকে আনে। একটি উদীয়মান পরাশক্তি কিংবা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং দূরদর্শী পররাষ্ট্রনীতির আসল নকশা কখনো মাঠের উত্তেজনায় তৈরি হয় না। তার প্রকৃত ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় লাইব্রেরির শান্ত টেবিলে, গভীর বিদ্যায়তনিক বা একাডেমিক গবেষণায় এবং অতীতের ঐতিহাসিক সমীকরণগুলোর নিখুঁত ও ঠাণ্ডা মাথার চুলচেরা বিশ্লেষণে। ড. হাকান ফিদানের পুরো ক্যারিয়ার এবং তাঁর বিশ্বমঞ্চে অনন্য এক মাস্টারমাইন্ড হিসেবে আত্মপ্রকাশ করার পেছনের সবচেয়ে বড় রহস্য হলো তাঁর এই বুদ্ধিবৃত্তিক ও একাডেমিক মাইন্ডসেট। তিনি গোয়েন্দাবিদ্যা এবং রাষ্ট্রীয় কৌশলকে সস্তা রোমাঞ্চের খোলস থেকে বের করে একটি উচ্চমানের তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক ডিসিপ্লিন বা বুদ্ধিবৃত্তিক চর্চায় রূপান্তর করেছেন।

    মনস্তাত্ত্বিক দৃষ্টকোণ থেকে, যেকোনো হাই-স্টেকস সিদ্ধান্ত গ্রহণ কিংবা জটিল আন্তর্জাতিক সংকট নিরসনের প্রথম এবং প্রধান শর্ত হলো—আবেগকে সম্পূর্ণ হটিয়ে দিয়ে চারপাশের তথ্যের গোলকধাঁধা থেকে কেবল নিখুঁত ও কার্যকর ডেটা ফিল্টার আউট করা। হাকান ফিদানের কাজের ধরণ এবং তাঁর চিন্তার গভীরতা বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি মনে করেন তাত্ত্বিক হোমওয়ার্ক এবং গভীর পড়াশোনা ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন কোনো অ্যাকশনে নামে, তখন সে আসলে অন্ধের মতো পথ চলে। চারপাশের মানুষ যখন কোনো চলমান সংকট বা ভূরাজনৈতিক ট্রেন্ডের কেবল বাহ্যিক রূপটি দেখে প্যানিকড হয়ে পড়ে কিংবা সাময়িক হুজুগে কোনো সিদ্ধান্ত নেয়, একজন একাডেমিশিয়ানের মনস্তত্ত্ব তখন সেই সংকটের শত বছরের পুরনো ঐতিহাসিক রুট বা মূল শিকড়টি খুঁজতে শুরু করে। আজকে যে ধরনের সমস্যা বা শত্রু কৌশলের সম্মুখীন রাষ্ট্র হচ্ছে, অতীতে একশ, দু'শ কিংবা পাঁচশো বছর আগেও এরকম হয়েছে। জাস্ট পার্থক্য হলো, আজকের সমস্যা হয়তো নবরূপে, আধুনিক পর্দায় নিজেকে হাজির করছে। কিন্তু এর সমাধানের রোট সেই অতীতের মোহনায় নিহিত আছে। গবেষণা করে বাহির করার কসরত শুধু দরকার।

    এই ধরণের গভীর বুদ্ধিবৃত্তিক মাইন্ডসেট একজন লিডারকে এক ধরণের মানসিক স্থৈর্য এবং তীব্র আত্মবিশ্বাস উপহার দেয়, যা তাকে চরম চাপের মুখেও বিচলিত হতে দেয় না। কোনো একটি নির্দিষ্ট বিষয়ের গভীরে প্রবেশ করতে হলে আগে তার তথ্যের গাঠনিক রূপটি বুঝতে হবে। যখন একজন স্ট্র্যাটেজিস্ট কোনো প্রতিপক্ষের ইতিহাস, তার অতীতের ভুলভ্রান্তি এবং তার মনস্তাত্ত্বিক প্যাটার্ন নিয়ে বিস্তর প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেন, তখন তিনি অবচেতনভাবেই প্রতিপক্ষের পরবর্তী কাউন্টার-মুভগুলো আগে থেকেই অনুমান করার ক্ষমতা অর্জন করেন। এটি কোনো অলৌকিক ক্ষমতা নয়, এটি হলো গভীর তাত্ত্বিক হোমওয়ার্কের এক অনিবার্য বৈজ্ঞানিক ফসল। যখন একজন মানুষ নিজের আবেগকে সম্পূর্ণ মুক্ত করে কেবল দীর্ঘমেয়াদী এবং দূরদর্শী পরিকল্পনার ওপর নিজের ফোকাস নিবদ্ধ করার এক সহজাত মানসিক শক্তি অর্জন করেন, তখন তাঁর পুরো ব্যক্তিত্বে এক ধরণের রহস্যময় এবং শক্তিশালী ভাব তৈরি হয়।

    হাকান ফিদানের এই বুদ্ধিবৃত্তিক রূপান্তর এবং তাত্ত্বিক জ্ঞানকে সরাসরি রাষ্ট্রীয় কাঠামোতে প্রয়োগ করার বাস্তব ও ঐতিহাসিক যাত্রাটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় চার দশক আগে, তুর্কি সশস্ত্র বাহিনীতে একজন নন-কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেওয়ার মাধ্যমে। ১৯৮৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দীর্ঘ ১৫ বছর তিনি তুর্কি সেনাবাহিনীর লজিস্টিকস এবং গোয়েন্দা শাখায় যুক্ত ছিলেন। এই সামরিক জীবনের অভিজ্ঞতা তাঁকে খুব কাছ থেকে প্রথাগত গোয়েন্দা ব্যবস্থার শক্তি ও দুর্বলতাগুলো দেখার সুযোগ করে দেয়। তিনি বুঝতে পেরেছিলেন, কেবল মিলিটারী প্রটোকল বা একমুখী নজরদারি দিয়ে একবিংশ শতাব্দীর তথ্যযুদ্ধের যুগে রাষ্ট্রকে পরাশক্তিদের কাতারভুক্ত করা সম্ভব নয়। এই উপলব্ধিতে পৌঁছানোর পর তিনি তাঁর প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বেছে নেন এবং ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড গ্লোবাল ক্যাম্পাস থেকে ম্যানেজমেন্ট এবং পলিটিক্যাল সায়েন্সে তাঁর ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি সম্পন্ন করেন। নব্বইয়ের দশকের শেষের দিকে আমেরিকার মেরিল্যান্ডে বসে ফিদান খুব কাছ থেকে ওয়াশিংটনের পেন্টাগন এবং সিআইএ-এর আমলাতান্ত্রিক গোয়েন্দা সংস্কৃতি পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছিলেন। তিনি দেখেছিলেন কীভাবে মার্কিনিরা বিপুল পরিমাণ প্রযুক্তি ও ডেটা ব্যবহার করে বিশ্বজুড়ে তাদের আধিপত্য বজায় রাখছে, কিন্তু একই সাথে তিনি তাদের একটি বড় দুর্বলতাও ধরে ফেলেছিলেন—অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতা এবং বিশাল আমলাতন্ত্রের কারণে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতির।

    আমেরিকা থেকে ফিরে এসে তিনি সামরিক চাকরি থেকে স্বেচ্ছায় ইস্তফা দেন এবং আঙ্কারার শীর্ষস্থানীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে তাঁর স্নাতকোত্তর ডিগ্রি বা মাস্টার্স এবং পিএইচডি সম্পন্ন করেন। ১৯৯৯ সালে তিনি তাঁর মাস্টার্স থিসিস সম্পন্ন করেন, যার বিষয় ছিল ত্রিপক্ষীয় জোট কূটনীতিতে তথ্যপ্রযুক্তির ভূমিকা। বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া তাঁর মাস্টার্স থিসিস "Intelligence and Foreign Policy: A Comparison of British, American and Turkish Intelligence Systems" (1999)-এ তিনি কূটনীতিতে গোয়েন্দা তথ্যের প্রয়োজনীয়তা প্রমাণ করেন। পরবর্তীতে তাঁর উচ্চতর গবেষণার মাধ্যমেই এটি প্রতিষ্ঠিত হয় যে, আগামী দিনের কূটনীতি আর বন্ধ দরজার পেছনের আলাপ-আলোচনা বা ট্র্যাডিশনাল চ্যানেলে সীমাবদ্ধ থাকবে না; এটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত হবে ডাটা, সাইবার অ্যাপারেটাস ও প্রযুক্তির নিখুঁত যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে (Fidan, 1999)। এরপর আসে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট—২০০৬ সালের পিএইচডি ডিসার্টেশন। বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় ফিদান বৈশ্বিক পরাশক্তিদের গোয়েন্দা কাঠামোর একটি নিখুঁত এবং অদ্বিতীয় তুলনামূলক ব্যবচ্ছেদ করেছিলেন, যা পরবর্তীতে তুরস্কের জাতীয় নিরাপত্তা নীতিকে চিরদিনের জন্য বদলে দেয় (Fidan, 2006)।

    বৈশ্বিক গোয়েন্দা মডেলের মনস্তাত্ত্বিক ও লজিস্টিক ব্যবচ্ছেদ

    ড. হাকান ফিদান তাঁর এই দীর্ঘ ও তুলনামূলক গবেষণায় প্রতিটি বিশ্বশক্তির গোয়েন্দা মডেলের শক্তি ও দুর্বলতার সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক ও লজিস্টিক ব্যবচ্ছেদ করেন। তিনি দেখতে পান, মার্কিন গোয়েন্দা ব্যবস্থা মূলত একটি বিশাল প্রযুক্তি ও বাজেট-নির্ভর ইন্ডাস্ট্রি, যা সিগন্যাল ইন্টেলিজেন্স ও স্যাটেলাইট ইমেজারির দিক থেকে প্রায় অপরাজেয়। কিন্তু এর প্রধান সমস্যা হলো ‘ইনফরমেশন ওভারলোড’ বা অতিরিক্ত তথ্যের সুনামি, এবং বিভিন্ন এজেন্সির ভেতরের সমন্বয়হীন আমলাতান্ত্রিক জটিলতা, যা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে ধীরগতির জন্ম দেয়। অন্যদিকে, যুক্তরাজ্যের মডেলটিকে ফিদান অত্যন্ত উচ্চ নম্বর দিয়েছিলেন (Fidan, 2006)।

    ব্রিটিশ গোয়েন্দা ব্যবস্থা প্রযুক্তিগতভাবে আমেরিকার চেয়ে ছোট হলেও তাদের মূল শক্তি হিউম্যান ইন্টেলিজেন্স বা মানুষের মনস্তত্ত্ব এবং সামাজিক-সাংস্কৃতিক নেটওয়ার্কের গভীর ব্যবহার। তারা শত্রুর মন ও গতিবিধি পড়তে পারে, যা মার্কিনিরা অনেক সময় কোটি ডলারের প্রযুক্তি দিয়েও পারে না। এই দুই পরাশক্তির বিপরীতে ফিদান তাঁর নিজের দেশের তৎকালীন গোয়েন্দা সংস্থার কঠোর কিন্তু যৌক্তিক সমালোচনা করে যুক্তি দিয়েছিলেন যে, তুর্কি গোয়েন্দা বিভাগ মূলত একটি রিঅ্যাক্টিভ বা অভ্যন্তরীণ হুমকি দমন করার সংকীর্ণ খোলসে বন্দি হয়ে আছে। বৈশ্বিক বা আঞ্চলিক পররাষ্ট্রনীতি নির্ধারণে এই সংস্থার কোনো তাত্ত্বিক বা কৌশলগত ইনপুট দেওয়ার ক্ষমতাই নেই। তিনি সুপারিশ করেছিলেন, সংস্থাকে কেবল তথ্য সরবরাহকারী পিয়ন বানিয়ে রাখলে রাষ্ট্র ভূরাজনৈতিক সংকটে অন্ধ হয়ে পড়ে। এই সংস্থাকে হতে হবে পররাষ্ট্রনীতির মূল চালিকাশক্তি। ফিদান দেখিয়েছেন, পররাষ্ট্রনীতির জন্য গোয়েন্দা সংস্থাকে নিষ্ক্রিয় তথ্যের পরিবর্তে কৌশলগত চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা প্রয়োজন (Fidan, 1999. pp. 45-52)।

    তাত্ত্বিক ভিত্তির রূঢ় মাঠপর্যায়: টিকা (TİKA) যুগের ল্যাবরেটরি

    হাকান ফিদান কীভাবে একটি জরাজীর্ণ ব্যুরোক্রেসির ওল্ড রিঅ্যাক্টিভ মডেলকে ভেঙে তাঁর থিসিসের সেই তাত্ত্বিক ব্লুপ্রিন্টটি বাস্তবে রূপান্তর করেছিলেন, তার প্রয়োগপদ্ধিতটি ছিল অসাধারণ। ২০০৩ সালে যখন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তুরস্কের প্রধানমন্ত্রী হন, তখন তিনি আঙ্কারার বুদ্ধিবৃত্তিক মহলে একজন তরুণ এবং অত্যন্ত প্রতিভাবান কৌশলবিদের খোঁজ করছিলেন। এরদোয়ানের নজরে আসেন ড. হাকান ফিদান। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত এরদোয়ান তাঁকে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা বা টিকা (Turkish Cooperation and Coordination Agency)-এর প্রধান হিসেবে নিয়োগ দেন। বাহ্যিক দৃষ্টিতে এটি একটি আন্তর্জাতিক সাহায্য ও উন্নয়ন সংস্থা হলেও, হাকান ফিদান এটিকে তাঁর পিএইচডি থিসিসের তাত্ত্বিক জ্ঞান পরীক্ষার মূল ল্যাবরেটরি বা মাঠ হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি মধ্য এশিয়া, ককেশাস, বালকান এবং আফ্রিকায় তুর্কি সাহায্য ও সাংস্কৃতিক প্রকল্পের আড়ালে একটি বিশাল সফট পাওয়ার এবং হিউম্যান ইন্টেলিজেন্স নেটওয়ার্ক গড়ে তোলেন।

    প্রথাগত এজেন্টরা যা করতে পারতো না, ফিদান সেখানে সমাজবিজ্ঞানী, স্থপতি, ডাক্তার এবং শিক্ষকদের পাঠিয়ে সেই অঞ্চলের মানুষের মনস্তাত্ত্বিক ডেটা সংগ্রহ করতে শুরু করেন। যখনই কোনো দেশে টিকার কোনো প্রজেক্ট যেত, ফিদান নিজে সেখানে গিয়ে মাঠপর্যায়ের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক সমীকরণ অ্যানালিসিস করতেন। এই নিখুঁত হোমওয়ার্ক এবং ডাটানির্ভর কাজের স্টাইল দেখেই ২০১০ সালে এরদোয়ান কোনো দ্বিধা ছাড়াই মাত্র ৪২ বছর বয়সে হাকান ফিদানকে তুরস্কের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোয়েন্দা প্রধান হিসেবে নিযুক্ত করেন।

    আমলাতান্ত্রিক দেয়াল ভাঙা ও প্রাতিষ্ঠানিক রূপান্তর

    দায়িত্ব নেওয়ার পর ফিদান তাঁর প্রথম পরিকল্পনা বা মূল ছকটি তৈরি করেন বিদ্যায়তনিক ও প্রাতিষ্ঠানিক রূপান্তরের নীতিতে। তিনি দায়িত্ব নিয়েই গোয়েন্দা সংস্থার রিক্রুটমেন্ট প্রোটোকল পুরোপুরি বদলে দেন। তিনি ব্যুরোক্র্যাট এবং কেবল সামরিক অফিসারদের একক আধিপত্য ভেঙে দিয়ে গোয়েন্দা সংস্থায় বিভিন্ন বিষয়ের পিএইচডি হোল্ডার, ডেটা সায়েন্টিস্ট এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করেন। এর ফলে থিওরি এবং ফিল্ড অপারেশনের এক অভূতপূর্ব ফিউশন তৈরি হয়।

    যদি কোনো বিদেশি পরাশক্তি বা অভ্যন্তরীণ আমলাতন্ত্র এই পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করার চেষ্টা করত, ফিদান তখন তাঁর সমান্তরাল বিকল্প ছক সক্রিয় করতেন। এই কাউন্টার-মুভে তিনি সমস্ত 'র' ডাটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে থাকা একটি কেন্দ্রীয় গোয়েন্দা সমন্বয় বোর্ডে পাঠাতে বাধ্য করতেন। যার ফলে অন্যান্য দপ্তরের সামরিক কর্মকর্তারা তথ্যের দেয়াল তৈরি করে ফিদানের এই সংস্কার কাজ আটকে দিতে সম্পূর্ণ ব্যর্থ হতো। প্রতিপক্ষ যখন ভাবত তারা ফিদানকে আমলাতান্ত্রিক জালে আটকে ফেলেছে, ফিদান ততক্ষণে তাঁর তৈরি করা সিভিলিয়ান ও একাডেমিক বিশেষজ্ঞদের দিয়ে প্রতিপক্ষের নিজস্ব ব্যাকগ্রাউন্ড এবং লবিং নেটওয়ার্কের নিখুঁত ছক ম্যাপ করে ফেলতেন এবং এরদোয়ানের সরাসরি আইনি ডিক্রির মাধ্যমে প্রতিপক্ষের চাল মাঝপথে কেটে দিয়ে পুরো গোয়েন্দা সাম্রাজ্যের একক নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিতেন।

    কৌশলগত মনস্তত্ত্বের বিকাশ ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা

    এই গভীর তাত্ত্বিক হোমওয়ার্কের দীর্ঘস্থায়ী অভ্যাস এবং পুরো আমলাতান্ত্রিক ব্যবস্থাকে নিজের মেধা দিয়ে ঢেলে সাজানোর অবচেতন মানসিক প্রক্রিয়াই একজন দূরদর্শী মানুষকে তাঁর কর্মক্ষেত্রে যেকোনো প্রতিকূল বাধা পেরিয়ে নিজের এজেন্ডা বাস্তবায়নের এক অনন্য এবং অজেয় মানসিক লেভারেজ এনে দেয়। ড. হাকান ফিদান তাঁর এই প্রাতিষ্ঠানিক রূপান্তরের মাধ্যমে রাষ্ট্রীয় নীতিনির্ধারণী মহলে প্রমাণ করেছিলেন যে, কোনো স্থায়ী পরিবর্তন হুট করে বা আবেগের বশে আনা সম্ভব নয়। তিনি যখন জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি-র ভেতরের সনাতন চিন্তাগুলোকে বদলে দিচ্ছিলেন, তখন তাঁর মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বাধীন করা।

    পূর্ববর্তী দশকগুলোতে তুরস্কের যেকোনো প্রধান ভূরাজনৈতিক সিদ্ধান্তে বিদেশি পরাশক্তিগুলোর একধরনের অদৃশ্য নিয়ন্ত্রণ বা প্রভাব কাজ করত। কিন্তু ফিদানের এই উপাত্তনির্ভর (বা ডেটানির্ভর) এবং একাডেমিক ইকোসিস্টেমের কারণে আঙ্কারা যেকোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক সংকটে অন্যের তথ্যের ওপর নির্ভর করা বন্ধ করে দেয়। এই প্রাতিষ্ঠানিক স্বনির্ভরতা রাষ্ট্রপ্রধানকে চরম বৈশ্বিক চাপের মুখেও নিজের জাতীয় স্বার্থে অটল থাকার এক অভূতপূর্ব কৌশলগত স্বাধীনতা উপহার দেয়, যা আধুনিক তুর্কি পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়। (Fidan, H. (2023). "Turkish Foreign Policy at the Turn of the 'Century of Türkiye': Challenges, Vision, Objectives, and Transformation." Insight Turkey, 25(3), pp. 11-25)।

    পারসেপশন কন্ট্রোল ও প্রাতিষ্ঠানিক নিরবচ্ছিন্নতা

    হাকান ফিদানের এই বুদ্ধিবৃত্তিক যাত্রাটি আমাদের অবচেতন মনে এই শিক্ষাই গেঁথে দেয় যে, তীব্র মানসিক চাপ বা আকস্মিক সংকটের মুখে বিজয়ী হওয়ার আসল রহস্য কোনো দৈব বা অলৌকিক ক্ষমতার মধ্যে লুকিয়ে নেই। এটি হলো নিজের আবেগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে গভীর ব্যাকগ্রাউন্ড হোমওয়ার্ক করার এক অনিবার্য বৈজ্ঞানিক ফসল। যখন কোনো লিডার তাঁর টিমের ভেতরের তথ্যের দেয়ালগুলো ভেঙে দেন এবং প্রতিপক্ষের প্রতিটি চালকে তার নিজের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করার সক্ষমতা অর্জন করেন, তখন তিনি যেকোনো বিশৃঙ্খল পরিবেশেও নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেন। এই শান্ত, বিদ্যায়তনিক ও দূরদর্শী মাইন্ডসেটই তীব্র চাপের মুখেও মানুষের নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে হাকান ফিদানের মতো ঠান্ডা মাথায় সঠিক ও নিখুঁত সিদ্ধান্তটি নেওয়ার এক অসামান্য মানসিক শক্তি ও আত্মবিশ্বাস তৈরি করে।

    ফিদান তাঁর কাউন্টার-ইন্টেলিজেন্স গবেষণায় দেখিয়েছেন যে, দীর্ঘমেয়াদী সফলতার জন্য সাময়িক হাততালির চেয়ে পর্দার আড়ালের প্রাতিষ্ঠানিক নিরবচ্ছিন্নতা বা ‘ইনস্টিটিউশনাল কন্টিনিউইটি’ অনেক বেশি কার্যকর। যখন কোনো সুসংগঠিত সিস্টেম নিজের ভেতরে তথ্য ও মেধার এক নিখুঁত সমন্বয় ঘটাতে পারে, তখন বাইরের পৃথিবীর কোনো অপপ্রচার বা হঠাৎ আসা বড় ধাক্কাও সেই সিস্টেমের মূল কাঠামোকে এক ইঞ্চিও নাড়াতে পারে না। এই প্রো-অ্যাক্টিভ ও ডাটানির্ভর মানসিক প্রোটোকলই একজন লিডারকে সাধারণ মানুষের কাতার থেকে বের করে বিশ্বমঞ্চের একজন প্রকৃত শ্যাডো মাস্টারে রূপান্তর করে।


    Home

    Sazzad Chowdhury

    Sazzad Chowdhury

    Founder & Editor, House Of Wisdom. An independent Bengali knowledge publication exploring history, philosophy, Islamic intellectual tradition, literature, culture and civilization through references, historical sources and critical analysis.

    Author Profile

    Post a Comment