Table of Contents
Previous Part.......
আলীগড় ও নতুন মুসলিম মধ্যবিত্ত
১৮৫৭-পরবর্তী ভারতীয় মুসলমানের সংকট শুধু ক্ষমতা হারানোর সংকট ছিল না; এটি ছিল নতুন রাষ্ট্রব্যবস্থার ভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার সংকট। মুঘল সাম্রাজ্যের পতনের পর মুসলমানরা পুরোনো রাজনৈতিক মর্যাদা হারিয়েছিল, কিন্তু তার চেয়েও গভীর ক্ষতি ঘটেছিল প্রশাসন, শিক্ষা, চাকরি, আইন ও আধুনিক জ্ঞানব্যবস্থার ময়দান থেকে পিছিয়ে পড়ার ভিতর দিয়ে। রাষ্ট্রের দরজা বদলে গেছে, অথচ মুসলমান সমাজের বড় অংশ সেই দরজার ভাষা শিখতে দেরি করেছে।
আব্বাস আলী খান বাংলার মুসলমানদের অবস্থা আলোচনা করতে গিয়ে দেখিয়েছেন, ইংরেজদের আগমনের পর মুসলমান সমাজ রাজনৈতিক অধঃপতন, দারিদ্র্য, জীবিকার সংকোচন এবং আত্মহীনতার মধ্যে পড়ে। রাজনৈতিক ক্ষমতা চলে যাওয়ার পর শুধু রাজদণ্ড হারায়নি; জীবিকার পথ, প্রশাসনিক উপস্থিতি এবং সামাজিক মর্যাদার ভিত্তিও দুর্বল হয়ে যায়। তিনি এম. ফজলুর রহমানের আলোচনার সূত্রে “power without responsibility”—দায়িত্বহীন ক্ষমতা—ধারণাটি ব্যবহার করেন, যার ভিতরে বোঝা যায়, ক্ষমতা অন্যের হাতে গেলে মুসলমান সমাজ নিজের জীবনের উপরও নিয়ন্ত্রণ হারাতে থাকে। (আব্বাস আলী খান, বাংলার মুসলমানদের ইতিহাস, পৃ. ১৪৪)
এই পতনের বাস্তব সামাজিক রূপ ছিল আরও কঠিন। মুসলমানদের শিক্ষাদীক্ষা, চাকরি, প্রশাসনিক প্রবেশ, সামরিক পেশা এবং অর্থনৈতিক ভিত্তি একসাথে দুর্বল হচ্ছিল। আব্বাস আলী খান পরের পৃষ্ঠাতেই মুসলমানদের শিক্ষাগত বিপর্যয় ও দারিদ্র্যের কথা বলেন; তাঁর ভাষ্যে, ইংরেজ শাসনের পরে প্রায় এক শতাব্দী মুসলমান সমাজ এমন দুর্দশার ভিতরে ছিল যে, সন্তানদের শিক্ষার প্রশ্নও যথাযথভাবে ভাবার মতো অবস্থা ছিল না। তিনি আরও দেখান, সরকারি চাকরি, সামরিক পেশা এবং নতুন জীবিকার সুযোগ থেকে মুসলমানদের সরে যাওয়া মুসলিম মধ্যবিত্ত শ্রেণির ভাঙন ডেকে আনে, আর সেই শূন্যতায় নতুন হিন্দু মধ্যবিত্ত শ্রেণি উঠে আসে। (আব্বাস আলী খান, বাংলার মুসলমানদের ইতিহাস, পৃ. ১৪৫)
এই বাস্তবতার ভিতরেই আলীগড় আন্দোলনের অর্থ দাঁড়ায়।
আলীগড় কোনো সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান-নির্মাণের গল্প নয়। এটি ছিল একটি ক্ষমতাচ্যুত সমাজের বেঁচে থাকার কৌশল। স্যার সৈয়দ আহমদ খান যে প্রশ্ন তুলেছিলেন, তা সরল হলেও গভীর ছিল: মুসলমানরা কি পুরোনো স্মৃতি আঁকড়ে ধরে থাকবে, নাকি নতুন রাষ্ট্রের ভাষা শিখে আবার ক্ষমতার দরজায় প্রবেশের প্রস্তুতি নেবে? এই প্রশ্নের উত্তর তিনি খুঁজেছিলেন শিক্ষা, সংগঠন, আধুনিক জ্ঞান এবং সামাজিক পুনর্গঠনের ভিতর দিয়ে।
স্যার সৈয়দের সময় ইংরেজি শিক্ষা শুধু বই পড়ার মাধ্যম ছিল না; এটি ছিল আদালত, দপ্তর, প্রশাসন, সরকারি চাকরি, আইন, বৈজ্ঞানিক জ্ঞান এবং ঔপনিবেশিক রাষ্ট্রের সঙ্গে যোগাযোগের ভাষা। যে সমাজ এই ভাষা জানবে, সে রাষ্ট্রের ভিতরে প্রবেশ করবে। যে সমাজ জানবে না, সে রাষ্ট্রের বাইরে দাঁড়িয়ে থাকবে। মুসলমানদের বড় অংশ এই নতুন ক্ষমতা-ব্যবস্থায় পিছিয়ে পড়ায় স্যার সৈয়দ বুঝেছিলেন, শিক্ষা ছাড়া মুসলমানদের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা করা যাবে না। এখানে শিক্ষা মানে শুধু ব্যক্তিগত উন্নতি নয়। শিক্ষা মানে রাষ্ট্র বোঝা। ক্ষমতার পদ্ধতি বোঝা। নিজের দাবি এমন ভাষায় বলা, যা আদালত, দপ্তর, আইনসভা, সংবাদপত্র এবং প্রশাসনের কাঠামোর ভিতরে প্রবেশ করতে পারে। এই অর্থে আলীগড় ছিল Muslim self-reconstruction—মুসলমানদের আত্মপুনর্গঠনের প্রকল্প।
"আধুনিক ভারতের ইতিহাস" টাইপ গ্রন্থগুলোতে স্যার সৈয়দ ও আলীগড় আন্দোলনকে সাধারণত মুসলিম সমাজের আধুনিক শিক্ষাগত পুনর্জাগরণের সূত্রে আলোচনা করা হয়। কিন্তু এই আলোচনাকে শুধু “শিক্ষা সংস্কার” হিসেবে পড়লে মূল রাজনৈতিক সুর হারিয়ে যায়। মুসলমানদের শিক্ষা-প্রশ্ন তখন থেকেই রাজনৈতিক প্রতিনিধিত্ব ও নাগরিক মর্যাদার প্রশ্নের সঙ্গে জুড়ে যায়। কারণ যারা শিক্ষিত হবে না, তারা চাকরিতে পিছিয়ে পড়বে। যারা চাকরিতে পিছিয়ে পড়বে, তারা প্রশাসনে থাকবে না। যারা প্রশাসনে থাকবে না, তারা ক্ষমতার ভাষা হারাবে। আর যারা ক্ষমতার ভাষা হারাবে, তারা একদিন নিজেদের রাজনৈতিক দাবিও অন্যের ভাষায় শুনতে বাধ্য হবে। নিজেদের দ্বিতীয়, তৃতীয় কিংবা এরচেয়ে অধম স্তরের নাগরিক হিসেবে আবিষ্কার করবে।
আলীগড় এই বিচ্ছিন্নতা কাটাতে চেয়েছিল। স্যার সৈয়দের শিক্ষা-প্রকল্প ধর্মীয় জ্ঞানকে অস্বীকার করার প্রকল্প ছিল না। বরং সমস্যা ছিল, ধর্মীয় জীবন, সামাজিক মর্যাদা এবং রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করার জন্য যুগের যে জ্ঞান দরকার, মুসলমান সমাজ তার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
ধর্মীয় জ্ঞান মুসলমানের আত্মা, কিন্তু জাতিসত্তা টিকিয়ে রাখতে আত্মার সঙ্গে প্রতিষ্ঠান দরকার। আইন দরকার। অর্থনৈতিক শক্তি দরকার। ভাষা দরকার। প্রশাসনিক দক্ষতা দরকার। ইতিহাসচর্চা দরকার। রাষ্ট্রবোধ দরকার। এই জ্ঞানগুলো ধর্মীয় জ্ঞানের প্রতিদ্বন্দ্বী নয়; বরং ধর্মীয় সমাজের সামাজিক ও রাজনৈতিক সুরক্ষার উপায়। কোনো সমাজের মসজিদ, মাদ্রাসা, ওয়াকফ, পারিবারিক আইন, শিক্ষা-প্রতিষ্ঠান, সংস্কৃতি ও ইতিহাস—এসবই শেষ পর্যন্ত রাষ্ট্রীয় আইন, অর্থনীতি, প্রশাসন ও জনমতের সঙ্গে সম্পর্কিত। ফলে যে সমাজ রাষ্ট্রের ভাষা জানে না, সে নিজের ধর্মীয় প্রতিষ্ঠানও দীর্ঘমেয়াদে নিরাপদ রাখতে পারে না।
এই কথাটি মুসলিম ইতিহাসের বৃহত্তর ধারার সঙ্গে মিলিয়ে দেখলে আরও স্পষ্ট হয়। আব্বাসীয় বাগদাদের বায়তুল হিকমাহর যুগে জ্ঞানচর্চা ধর্ম থেকে বিচ্ছিন্ন কোনো বিলাসিতা ছিল না। আল-মা’মুনের সময় গ্রিক, সিরিয়াক, পারস্য ও ভারতীয় জ্ঞানধারার সঙ্গে মুসলিম সভ্যতার সম্পর্ক সক্রিয় বৌদ্ধিক প্রশ্নে পরিণত হয়—বিদেশি জ্ঞান গ্রহণ করা হবে কি না, গ্রহণ করলে কীভাবে করা হবে, এবং সেই জ্ঞান মুসলিম চিন্তার ভিতরে কোন রূপ নেবে। শিবলী নোমানির "আল-মামুন" গ্রন্থ পাঠে আল-মা’মুনকে শুধু রাজনৈতিক শাসক হিসেবে নয়, বরং জ্ঞান, দর্শন, বিতর্ক ও রাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত এক বুদ্ধিবৃত্তিক চরিত্র হিসেবে দেখা যায়। (শিবলী নোমানি, আল-মামুন, উর্দু সংস্করণ, পৃ. ১১৮, ১২৫, ১৩১)।
এই ঐতিহাসিক তুলনা এখানে জরুরি। মুসলিম সভ্যতার শক্তির একটি বড় উৎস ছিল, যুগের জ্ঞানকে আত্মস্থ করার ক্ষমতা। হুনাইন ইবনে ইসহাক অনুবাদ করেছেন, কিন্তু শুধু শব্দ বদলাননি। অনুবাদের ভেতর দিয়ে জ্ঞানের ভাষান্তরের পদ্ধতি তৈরি করেছেন। গাজ্জালী দর্শনের সমালোচনা করেছেন, কিন্তু দর্শন না জেনে করেননি। ইবনে রুশদ শরিয়াহ, যুক্তি ও দর্শনের সম্পর্ক নিয়ে লিখেছেন, কিন্তু জ্ঞানের দরজা বন্ধ করে রাখেননি। মুসলিম বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের শক্তি ছিল—যে জ্ঞান সামনে এসেছে, তাকে বুঝে, বিচার করে, রূপান্তর করে নিজের সভ্যতার ভিতরে জায়গা করে নেওয়া।
স্যার সৈয়দের আলীগড় প্রকল্পকে এই দীর্ঘ ঐতিহ্যের আধুনিক সংকটপর্বে নতুন ভাষায় পড়া যায়। তিনি আব্বাসীয় যুগের মতো জ্ঞান-সাম্রাজ্য নির্মাণ করেননি; তাঁর সামনে ছিল ঔপনিবেশিক পরাজিত মুসলিম সমাজ। কিন্তু সমস্যার প্রকৃতি এক জায়গায় মিলেছিল: "যে সমাজ যুগের জ্ঞান আয়ত্ত করে না, সে নিজের ধর্ম, সংস্কৃতি ও রাজনীতি রক্ষা করার বাস্তব শক্তি হারায়।" আলীগড়ের লক্ষ্য ছিল তাই “নতুন মুসলিম মানুষ” তৈরি করা।
এই নতুন মানুষ পুরোনো দরবারি অভিজাতের পুনরাবৃত্তি নয়। আবার সে শুধু গ্রামীণ অনগ্রসর মুসলমানও নয়। সে এমন এক শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত, যে ইংরেজি শিক্ষা জানবে, আদালতের ভাষা বুঝবে, দপ্তরের ভাষা বুঝবে, সংবাদপত্রে লিখতে পারবে, রাজনৈতিক সভায় যুক্তি দিতে পারবে, এবং মুসলমানদের পক্ষ থেকে আধুনিক রাষ্ট্রের সামনে কথা বলতে পারবে। এই শ্রেণি ছাড়া মুসলিম রাজনীতি সংগঠিত হতে পারত না।
তাই সংগঠনের দরকার শিক্ষিত মানুষ, লেখক, আইনজীবী, সম্পাদক, বক্তা, অনুবাদক, প্রশাসনিক ভাষা জানা মধ্যবিত্ত, প্রস্তাব লিখতে জানে এমন লোক, দরকষাকষি করতে জানে এমন নেতৃত্ব। আলীগড় এই শ্রেণির জন্মের জন্য বৌদ্ধিক ও প্রাতিষ্ঠানিক ভূমি তৈরি করে। পরে মুসলিম লীগ, পৃথক প্রতিনিধিত্ব, নির্বাচনী রাজনীতি, সর্বভারতীয় মুসলিম দাবি—এসবের ভিতরে যে মুসলিম শিক্ষিত শ্রেণি কাজ করবে, তার প্রস্তুতি আলীগড় ছাড়া অসম্পূর্ণ থেকে যায়।
এখানে আলীগড়ের সীমাবদ্ধতাও মনে রাখা দরকার। এটি প্রথম থেকেই জনতার আন্দোলন ছিল না। এর সামাজিক ভিত্তি ছিল অভিজাত ও শিক্ষিত মুসলিম শ্রেণির মধ্যে। এর রাজনৈতিক সতর্কতা ছিল, ব্রিটিশবিরোধী উত্তেজনার চেয়ে মুসলমানদের পুনর্গঠনে বেশি মনোযোগী। স্যার সৈয়দের কংগ্রেস-সন্দেহ, ব্রিটিশ প্রশাসনের সঙ্গে তাঁর সম্পর্ক, এবং তাঁর রক্ষণশীল সামাজিক অবস্থান নিয়ে বিতর্ক আছে। কিন্তু এসব সীমাবদ্ধতার কারণে তাঁর প্রকল্পের কেন্দ্রীয় সত্য অস্বীকার করা যায় না: পরাজিত মুসলমান সমাজকে নতুন যুগের ক্ষমতার ভাষা শেখানো ছাড়া তার রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা করা সম্ভব ছিল না।
এই শিক্ষিত মুসলিম মধ্যবিত্তের জন্ম থেকেই মুসলিম রাজনৈতিক জাগরণের দ্বিতীয় স্তর শুরু হয়। প্রথম স্তর ছিল পতনের বোধ; দ্বিতীয় স্তর আত্মপুনর্গঠন; তৃতীয় স্তর প্রতিনিধিত্বের দাবি। মুসলমানরা বুঝতে শুরু করে, তারা শুধু ধর্মীয় সমাজ হিসেবে টিকে থাকতে চাইলে হবে না; তাদের রাজনৈতিক কণ্ঠও দরকার। সেই কণ্ঠ তৈরি করতে হলে আগে মানুষ তৈরি করতে হবে। আর মানুষ তৈরি হয় শিক্ষা, প্রতিষ্ঠান, ভাষা ও ঐতিহাসিক আত্মসচেতনতার ভিতর দিয়ে। এই বাস্তবতা পৃথিবীর অতীতে যেমন ছিলো, বর্তমানেও তেমন, ভবিষ্যতেও থাকবে অনুরূপ। তাই এসব আত্মস্থ করতে না পারায় মুসলিম সমাজের নিখাঁদ প্রতিনিধিরা এবং সমাজের কর্ণধার দাবিদাররা আজও সমাজের দায়িত্ব নিতে পারেননি। কর্ণধার হয়েও উঠতে পারেননি। শুধু মুখের দাবিতেই আটকে আছেন। এটাই চিরন্তন বাস্তবতা। এর পরিবর্তন ছাড়া দৈবক্রমে কিছু ঘটার সম্ভাবনা নেই। কারণ, "ফিতরাতুল্লাহ" বা আল্লাহর রীতি এটাই।
আলীগড় তাই ১৯৪৭-এর ইতিহাসে সরাসরি রাষ্ট্রদাবির জায়গা নয়; কিন্তু রাষ্ট্রদাবির পূর্বশর্তের জায়গা। এখানে মুসলমান নিজের দুর্বলতা চিনেছে, পতনের কারণ বুঝেছে, নতুন নেতৃত্ব তৈরির চেষ্টা করেছে। সবচেয়ে বড় কথা, “মুসলমান” পরিচয়কে শুধু ধর্মীয় পরিচয়ের ভিতরে আবদ্ধ না রেখে, রাজনৈতিক ভবিষ্যৎ ও জাতিসত্তার প্রশ্নের দিকে ঠেলে দিয়েছে।
শিক্ষা এখানে শেষ কথা ছিল না। শিক্ষা ছিল প্রস্তুতি।
কারণ যে সমাজ নিজের মানুষ তৈরি করে, সে একদিন নিজের সংগঠনও দাবি করে। আলীগড়ের শ্রেণিকক্ষ থেকে যে নতুন মুসলিম চেতনার জন্ম হচ্ছিল, তা খুব দ্রুত ঢাকার রাজনৈতিক মঞ্চে এসে দাঁড়াবে। সেখানে প্রশ্ন আর শুধু শিক্ষা থাকবে না; প্রশ্ন হবে প্রতিনিধিত্ব, সংগঠন, ক্ষমতার অংশীদারিত্ব এবং মুসলমানদের নিজস্ব রাজনৈতিক কণ্ঠ।
শিক্ষা কেন রাজনৈতিক আত্মরক্ষার প্রথম শর্ত হয়ে উঠল?
মুসলমানদের জন্য শিক্ষা তখন কোনো ভদ্রলোকি অলঙ্কার ছিল না। এটি ছিল রাজনৈতিক আত্মরক্ষার প্রথম শর্ত। ১৮৫৭-এর পর যে সমাজ প্রশাসন, আইন, আদালত, চাকরি, সংবাদপত্র ও আধুনিক জ্ঞানব্যবস্থার দরজা থেকে পিছিয়ে পড়েছিল, তার সামনে শিক্ষা কেবল উন্নতির পথ হিসেবে আসেনি; এসেছে অস্তিত্ব রক্ষার উপায় হিসেবে।
রাষ্ট্র শুধু শাসকের তরবারি দিয়ে চলে না। রাষ্ট্র চলে আইন দিয়ে, নথি দিয়ে, আদালত দিয়ে, করব্যবস্থা দিয়ে, শিক্ষা-নীতি দিয়ে, প্রশাসনিক ভাষা দিয়ে, জনমত দিয়ে, ইতিহাসচর্চা দিয়ে। যে সমাজ এগুলোর ভাষা জানে না, সে সমাজ রাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে পারে, কিন্তু সিদ্ধান্তের কাঠামো বদলাতে পারে না। চাই এর বিপরীতে যতই শক্ত এবং মজবুত ধার্মিক গোষ্ঠী দাঁড়িয়ে থাকুক না কেনো। ধর্মের কোর আলাপ বা মৌলিক শিক্ষায় সে সমাজ পাণ্ডিত্যের অতলান্তিক সীমায় বাস করুক না কেনো।
মাআ'যাল্লাহ! এখানে ধর্মীয় জ্ঞানকে ছোট করা উদ্দেশ্য নয় মোটেই। বরং কথাটি তার উল্টো। ধর্মীয় জ্ঞান মুসলমানের আত্মা, নৈতিক কেন্দ্র এবং সভ্যতাগত পরিচয়ের ভিত। কিন্তু সেই আত্মা, সেই প্রতিষ্ঠান, সেই সমাজ, সেই জাতিসত্তা রক্ষা করতে হলে যুগের ক্ষমতার ভাষাও আয়ত্ত করতে হয়।
আইন না জানলে মসজিদ-মাদ্রাসা, ওয়াকফ, পারিবারিক অধিকার ও ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় আঘাত থেকে রক্ষা করা যায় না। শিক্ষা-নীতি না জানলে পরবর্তী প্রজন্মের চিন্তা অন্যের সিলেবাসে বন্দি হয়ে যায়। অর্থনীতি না জানলে প্রতিষ্ঠান দান-খয়রাতের উপর দাঁড়িয়ে থাকে, স্থায়ী শক্তিতে পরিণত হয় না। সংবাদমাধ্যম না জানলে নিজের বিরুদ্ধে তৈরি বয়ান ভাঙা যায় না। ইতিহাসচর্চা না জানলে নিজের জাতির স্মৃতি অন্যেরা লিখে দেয়।
এই অর্থে যুগের জ্ঞান ধর্মীয় জ্ঞানের প্রতিদ্বন্দ্বী নয়; ধর্মীয় সমাজের প্রতিরক্ষা-ব্যবস্থার অংশ।
ইসলামি ইতিহাসের শক্তিশালী যুগগুলোতে এই বিচ্ছিন্নতা ছিল না। ধর্মীয় জ্ঞান একদিকে আর যুগের জ্ঞান আরেকদিকে—এমন বিভক্ত মানসিকতা মুসলিম সভ্যতার উজ্জ্বল যুগের বৈশিষ্ট্য নয়। যে সমাজ যুগের জ্ঞান আত্মস্থ করে না, সে সমাজ একসময় নিজের ধর্মীয় জীবনও অন্যের সিদ্ধান্তের হাতে তুলে দেয়। তখন শত্রু শুধু বাইরে থেকে আক্রমণ করে না; রাষ্ট্রীয় নীতি, শিক্ষা-সিলেবাস, আইন, মিডিয়া, সংস্কৃতি, অর্থনীতি এবং আদালতের ভাষার ভিতর দিয়েও সমাজের ভিত বদলে দেয়। ধর্মীয় মানুষ তখন মঞ্চে ক্ষোভ প্রকাশ করে, কিন্তু সিদ্ধান্তের টেবিলে থাকে না। তারা প্রতিবাদ করে, কিন্তু নীতি লেখে না। তারা হুঁশিয়ারি দেয়, কিন্তু আইন বোঝে না। তারা জনতাকে উত্তেজিত করে, কিন্তু রাষ্ট্রের যন্ত্র কীভাবে চলে—সেটি বুঝতে ব্যর্থ হয়।
এই ব্যর্থতা নতুন না।
মুসলিম ইতিহাসের উজ্জ্বল যুগগুলোতে ধর্মীয় ও বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব কখনো যুগের জ্ঞান থেকে বিচ্ছিন্ন ছিল না। আব্বাসীয় বাগদাদের বায়তুল হিকমাহ শুধু বই অনুবাদের ঘর ছিল না; এটি ছিল এক ধরনের সভ্যতাগত প্রস্তুতি। সেখানে গ্রিক দর্শন, পারস্য প্রশাসনিক জ্ঞান, ভারতীয় গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, যুক্তিবিদ্যা—সবকিছুকে মুসলিম জ্ঞানজগৎ আত্মস্থ করেছিল। উদ্দেশ্য ছিল না নিজের ঈমান হারানো; উদ্দেশ্য ছিল যুগের জ্ঞানকে মুসলিম সভ্যতার শক্তিতে পরিণত করা।
হুনাইন ইবনে ইসহাক শুধু অনুবাদক ছিলেন না; তিনি জ্ঞানের ভাষান্তরের পদ্ধতি তৈরি করেছিলেন। আল-কিন্দি, ফারাবি, ইবনে সিনা, আল-বিরুনি—তারা ধর্মীয় সভ্যতার সন্তান হয়েও যুগের জ্ঞানকে ভয় করেননি। তারা বুঝেছিলেন, জ্ঞানকে পরিত্যাগ করলে শত্রু শক্তিশালী হয়; জ্ঞানকে আত্মস্থ করলে সভ্যতা শক্তিশালী হয়।
আব্বাসীয় বাগদাদের জ্ঞানচর্চা দেখায়, জ্ঞান তখন কেবল ব্যক্তিগত পাণ্ডিত্য ছিল না; রাষ্ট্র, প্রশাসন, নগরসভ্যতা, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, অনুবাদ ও ক্ষমতার সঙ্গে যুক্ত ছিল।
Dimitri Gutas তাঁর Greek Thought, Arabic Culture গ্রন্থের শুরুতেই Graeco-Arabic translation movement-কে শুধু বই অনুবাদের ঘটনা হিসেবে না দেখে early Abbasid society-এর সামাজিক, রাজনৈতিক ও আদর্শিক বাস্তবতার সঙ্গে যুক্ত একটি ঐতিহাসিক প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেন। তাঁর বইয়ের কাঠামোতেই দেখা যায়, translation movement-কে তিনি empire, society, patronage, professional education এবং applied knowledge-এর সঙ্গে যুক্ত করে পড়েছেন। (Gutas, Greek Thought, Arabic Culture, pp. 1, 9–11)
এখানে মুসলিমদের জন্য রয়েছে বিস্তৃত পাঠের পরিসর, চিন্তা এবং মহান শিক্ষা। আব্বাসীয়রা জ্ঞানকে কেবল ধর্মীয় আবেগের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। আবার জ্ঞানকে ধর্মহীন ক্ষমতার হাতিয়ারও বানাননি। তারা বুঝেছিলেন, একটি সভ্যতা টিকিয়ে রাখতে হলে বাইরের জ্ঞানধারাকে বুঝতে হয়, অনুবাদ করতে হয়, বিচার করতে হয়, নিজের ভাষায় রূপান্তর করতে হয়।
Gutas স্পষ্ট করেন, তাঁর লক্ষ্য ছিল অনুবাদ আন্দোলনের “who, what, when” নয়, বরং “how and why”—কীভাবে ও কেন—এই প্রশ্নের উত্তর খোঁজা; অর্থাৎ অনুবাদ আন্দোলনকে একটি social and historical phenomenon—সামাজিক ও ঐতিহাসিক প্রক্রিয়া হিসেবে বোঝা।
এই পদ্ধতির ভিতরে মুসলিম সভ্যতার একটি মৌলিক শক্তি দেখা যায়। প্রতিদ্বন্দ্বী সভ্যতার জ্ঞানকে ভয় করে দূরে রাখা নয়; আবার অন্ধভাবে অনুকরণও নয়। বরং নিজের ভাষায় গ্রহণ, বিচার, রূপান্তর এবং প্রয়োগ। গ্রিক দর্শন, সিরিয়াক অনুবাদ-ধারা, পারস্য প্রশাসনিক জ্ঞান, ভারতীয় গণিত ও জ্যোতির্বিজ্ঞান—এসব মুসলিম জ্ঞানজগতে প্রবেশ করেছে এই রূপান্তরের ভিতর দিয়ে।
বায়তুল হিকমাহ কোনো “scholarly hobby” বা পণ্ডিতি শখ ছিল না। বরং manuscript culture, patronage এবং urban society-র সঙ্গে যুক্ত ঐতিহাসিক প্রক্রিয়া ছিল। Rosenthal-এর আলোচনায় আব্বাসীয় আমলে সার্বিকভাবে “ʿইলম” বা জ্ঞানকে সামাজিক মর্যাদা, নৈতিক পরিশীলন ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবে দেখা হয়েছে। (Rosenthal, Knowledge Triumphant, pp. 11–18; Gutas, Greek Thought, Arabic Culture, pp. 30–37)
রোজেন্থাল, কেবল ধর্মীয় জ্ঞানের আলোকে এই মন্তব্য করেননি। তিনি "ইলম" বলে, বায়তুল হিকমার সামাজিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, দার্শনিক নানাবিধ জাগতিক জ্ঞানকেই প্রাধান্য দিয়েছেন তার গ্রন্থে।
আল-মা’মুনের যুগ এই সত্যকে আরও স্পষ্ট করে। শিবলী নোমানির পাঠে আল-মা’মুন শুধু সিংহাসনের মানুষ নন; তিনি জ্ঞান, বিতর্ক, দর্শন, ধর্মতত্ত্ব ও রাষ্ট্রীয় কর্তৃত্বকে একসঙ্গে ধারণকারী এক বুদ্ধিবৃত্তিক রাষ্ট্রনায়ক। তাঁর শাসনে পাণ্ডিত্য দরবারের অলংকারে সীমাবদ্ধ থাকে না; তা রাষ্ট্রীয় মর্যাদা, বিতর্ক, মতবাদ এবং সভ্যতাগত আত্মবিশ্বাসের অংশে পরিণত হয়।
এখান থেকে বর্তমান মুসলিম সমাজের জন্যও একটি কঠিন বাস্তবতা বেরিয়ে আসে।
যে ধর্মীয় নেতৃত্ব যুগের ভাষা আত্মস্থ করে না, সে সমাজকে যুগোপযোগী নৈতিক নির্দেশনা দিতে পারে না। রাষ্ট্রীয় প্রতিরক্ষা দিতে পারে না। তবে সে নেতৃত্ব মানুষকে আবেগে জাগাতে পারে; কিন্তু আইন, শিক্ষা-নীতি, প্রশাসন, মিডিয়া, অর্থনীতি ও প্রযুক্তির ময়দানে দাঁড় করাতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে; কিন্তু অন্যায়ের কাঠামো কীভাবে তৈরি হয়, কোন নথিতে তা লেখা হয়, কোন আদালতে তা বৈধতা পায়, কোন পাঠ্যবইয়ে তা প্রজন্মের ভিতরে ঢোকে, কোন মিডিয়া তা জনমত বানায়—এসব না বুঝলে তার প্রতিবাদ সিদ্ধান্তের টেবিলে পৌঁছায় না।
এটি ধর্মীয় জ্ঞানের দুর্বলতা নয়। এটি যুগের জ্ঞান থেকে বিচ্ছিন্ন ধর্মীয় নেতৃত্বের দুর্বলতা।
এখানে ইমাম গাজ্জালীর উদাহরণ আরও গভীর। তিনি দর্শনের সমালোচনা করেছিলেন, কিন্তু দর্শন না জেনে করেননি। তিনি গ্রিক দর্শন পড়েছেন, যুক্তিবিদ্যা বুঝেছেন, কালাম, ফিকহ, তাসাওউফ—সব ময়দানে প্রবেশ করেছেন। তারপর সমালোচনা করেছেন। এই পদ্ধতির ভিতরে ছিল জ্ঞানী মানুষের আত্মবিশ্বাস। আজকের অনেক বক্তার মতো নাম না জানা জিনিসকে বাতিল ঘোষণা করা তাঁর কাজ ছিল না। তিনি যে চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আগে সেই চিন্তার ভিতর প্রবেশ করেছেন। এটাই ছিল মুসলিম বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের শক্তি।
ইবনে রুশদও একই ধারার মানুষ। তিনি শরিয়াহ, দর্শন, যুক্তি ও রাষ্ট্রচিন্তার প্রশ্নকে একসঙ্গে আলোচনায় এনেছেন। তাঁর সঙ্গে গাজ্জালীর মতভেদ ছিল, কিন্তু সেই মতভেদ ছিল জ্ঞানীদের মতভেদ। সেখানে মঞ্চের স্লোগান ছিল না; ছিল চিন্তার গভীরতা। মুসলিম সভ্যতা তখন নিজের ভিত এত দুর্বল মনে করত না যে, অন্য জ্ঞানধারার নাম শুনলেই কেঁপে উঠবে।
ইবনে রুশদ শরিয়াহ ও দর্শনের সম্পর্ক নিয়ে লিখেছেন। কারণ তিনি জানতেন বুদ্ধিবৃত্তিক প্রশ্নকে কেবল নিষেধাজ্ঞা দিয়ে সরানো যায় না; তাকে যুক্তির ভিতরে মোকাবিলা করতে হয়। মুসলিম জ্ঞানজগৎ একসময় এমন প্রশ্ন নিয়ে লড়াই করত, যেখানে ধর্ম, যুক্তি, ভাষা, আইন, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, রাজনীতি ও সভ্যতার প্রশ্ন আলাদা আলাদা খাঁচায় বন্দি ছিল না।
আজকের ধর্মীয় পশ্চাৎপদ মনস্তত্ত্বের বড় সমস্যা হলো, অনেক সময় সে যুগের জ্ঞানকে আত্মস্থ করার বদলে শুধু সন্দেহ করে। এই মনস্তত্ত্ব রাষ্ট্র বোঝে না, কিন্তু রাষ্ট্র বদলাতে চায়। আইন বোঝে না, কিন্তু আইন নিয়ে উত্তেজনা তৈরি করে। মিডিয়ার framing—বয়ান নির্মাণের কৌশল—বোঝে না, কিন্তু মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। অর্থনীতি বোঝে না, কিন্তু সামাজিক শক্তিহীনতা ও অবনতির জন্য শুধু নৈতিক অবক্ষয়কে দায়ী করে। ইতিহাসচর্চা বোঝে না, কিন্তু নিজের ইতিহাস বিকৃত হচ্ছে বলে অভিযোগ করে। অভিযোগ সত্য হতে পারে, কিন্তু জবাবের উপায় অভিযোগ নয়; জবাব হলো জ্ঞান, প্রতিষ্ঠান, ভাষা, পদ্ধতি ও ক্ষমতার ময়দানে প্রবেশ।
১৮৫৭-পরবর্তী মুসলমানদের জন্য শিক্ষা তাই চাকরির প্রয়োজনের চেয়েও বড় ছিল। এটি ছিল সমাজের আত্মরক্ষার কৌশল। রাষ্ট্রের ভাষা শেখা মানে রাষ্ট্রের সামনে আত্মসমর্পণ নয়; বরং রাষ্ট্রকে বোঝা, তার ভিতরে প্রবেশ করা, তার সিদ্ধান্তের ভাষায় নিজের অস্তিত্বের দাবি লেখা। আইন শেখা মানে ধর্মত্যাগ নয়; বরং ধর্মীয় প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার উপায় জানা। আধুনিক জ্ঞান শেখা মানে নিজস্ব সভ্যতা হারানো নয়; বরং প্রতিদ্বন্দ্বী সভ্যতার জ্ঞানকে বুঝে নিজের জাতিসত্তার রক্ষাকবচে পরিণত করা।
আলীগড়ের শিক্ষা-প্রকল্প এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অর্থ পায়। স্যার সৈয়দের সীমাবদ্ধতা ছিল। তাঁর রাজনৈতিক কৌশল নিয়ে আপত্তি থাকতে পারে। তাঁর ব্রিটিশ-ঘেঁষা অবস্থান নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু তিনি যে রোগ শনাক্ত করেছিলেন, তা বাস্তব ছিল যে, মুসলমানরা নতুন যুগের জ্ঞান থেকে বিচ্ছিন্ন হলে তারা শুধু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে না; রাজনৈতিকভাবে অরক্ষিত হবে, সাংস্কৃতিকভাবে প্রতিরক্ষাহীন হবে, এবং শেষ পর্যন্ত নিজেদের জাতিসত্তার ভাষাও অন্যের হাতে হারাবে।
ধর্মীয় জ্ঞান মুসলমানকে বলে সে কে।
যুগের জ্ঞান তাকে শেখায়, সেই পরিচয়কে কীভাবে রক্ষা করতে হয়।
এই দুইয়ের বিচ্ছেদই পতনের শুরু। আর এই দুইয়ের সংযোগই রাজনৈতিক জাগরণের ভিত্তি। আলীগড় সেই সংযোগ পুনরুদ্ধারের আধুনিক প্রচেষ্টা। এখানেই শিক্ষা মুসলমানদের জন্য আত্মরক্ষার প্রথম শর্ত হয়ে ওঠে—কারণ যে জাতি যুগের জ্ঞান হারায়, সে একদিন নিজের ধর্মীয় সমাজ, রাজনৈতিক অধিকার, নাগরিক মর্যাদা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাসের ভাষাও হারাতে শুরু করে।
মুসলিম লীগের জন্ম
আলীগড় যে শিক্ষিত মুসলিম মধ্যবিত্তের ভিত তৈরি করেছিল, সেই শ্রেণির সামনে খুব দ্রুত আরেকটি প্রশ্ন এসে দাঁড়ায়: শিক্ষিত মুসলমান তৈরি হলো, কিন্তু তার রাজনৈতিক কণ্ঠ কোথায়? ঔপনিবেশিক রাষ্ট্রের দপ্তর, আদালত ও শিক্ষাব্যবস্থায় প্রবেশের চেষ্টা এক জিনিস; নিজের সমাজের পক্ষে সংগঠিতভাবে কথা বলার প্রতিষ্ঠান তৈরি করা আরেক জিনিস। মুসলিম রাজনীতির ইতিহাসে ১৯০৬ সালের ঢাকা এই দ্বিতীয় প্রয়োজনের নাম।
মুসলিম লীগের জন্মকে তাই কোনো বিচ্ছিন্ন দলীয় ঘটনা হিসেবে পড়া যায় না। এর পেছনে ছিল পূর্ববাংলার মুসলমানদের দীর্ঘ বঞ্চনা, বঙ্গভঙ্গ-পরবর্তী রাজনৈতিক আশা, কংগ্রেসের সর্বভারতীয় দাবির প্রতি অবিশ্বাস, হিন্দু অভিজাত শ্রেণির আধিপত্যের অভিজ্ঞতা এবং মুসলমানদের নিজস্ব রাজনৈতিক কণ্ঠের প্রয়োজন। আগের অধ্যায়ের আলোচনায়ও এই ধারাটি স্পষ্ট হয়েছে: বঙ্গভঙ্গ মুসলমানদের শুধু প্রশাসনিক সম্ভাবনা দেয়নি; তাদের সংগঠিত হওয়ার প্রয়োজনকেও দৃশ্যমান করেছে। সেই প্রেক্ষাপটেই ১৯০৬ সালে ঢাকায় মুসলিম লীগের জন্মকে বুঝতে হবে।
ঢাকার গুরুত্ব এখানে কেবল স্থানগত নয়। ঢাকার সঙ্গে যুক্ত ছিল পূর্ববাংলার মুসলমানদের রাজনৈতিক মর্যাদার আকাঙ্ক্ষা। কলকাতাকেন্দ্রিক ক্ষমতার বাইরে পূর্ববাংলার মুসলমানরা একটি নতুন প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্রের সম্ভাবনা দেখেছিল। এই সম্ভাবনার ভিতরেই মুসলমানদের আলাদা রাজনৈতিক সংগঠনের প্রয়োজন তীব্র হয়। আব্বাস আলী খানের আলোচনার সূচিবিন্যাসেও বঙ্গভঙ্গ, মুসলিম লীগ, নির্বাচন এবং পাকিস্তান আন্দোলনকে ধারাবাহিক রাজনৈতিক পর্ব হিসেবে দেখা যায়; এর অর্থ, বাংলার মুসলমানদের ইতিহাসে মুসলিম লীগ কোনো আকাশ থেকে পড়া ঘটনা নয়, বরং বঙ্গভঙ্গ-পরবর্তী মুসলিম রাজনৈতিক পুনর্গঠনের ধারাবাহিকতা।
মুসলিম লীগের জন্মের সময় তার নেতৃত্বে ছিল নবাব, জমিদার, শিক্ষিত অভিজাত ও আলীগড়-প্রভাবিত মুসলিম মধ্যবিত্ত। এই অভিজাত চরিত্র অস্বীকার করার দরকার নেই। কিন্তু এটাকে শুধু “অভিজাত ক্লাব” বলে থামিয়ে দিলে ইতিহাসের গভীর প্রশ্ন চাপা পড়ে যায়। কারণ সংগঠনটির সামাজিক ভিত্তি অভিজাত হলেও তার প্রশ্ন ছিল সামষ্টিক: মুসলমানদের হয়ে কে কথা বলবে, কোন রাজনৈতিক কাঠামো তাদের নিরাপত্তা দেবে, এবং কংগ্রেস-নিয়ন্ত্রিত জাতীয়তার ভিতরে মুসলমানদের আলাদা বাস্তবতা হারিয়ে যাবে কি না।
এখানে মুসলিম লীগের প্রথম যুগকে তার সীমাবদ্ধতা ও সম্ভাবনা—দুই দিক থেকেই পড়তে হবে। সে তখনও জনসমুদ্রের দল নয়, কিন্তু সে মুসলমানদের রাজনৈতিক ভাষা নির্মাণের প্রাথমিক প্রতিষ্ঠান। সে তখনও রাষ্ট্র দাবি করছে না, কিন্তু রাষ্ট্রের ভিতরে মুসলমানের মর্যাদার প্রশ্নকে আলাদা করে তুলছে। তার ভাষা তখনও অভিজাত, কিন্তু তার ভিতরে যে উদ্বেগ কাজ করছে তা ছিল শিক্ষিত মুসলমানের ব্যক্তিগত সুবিধার প্রশ্ন নয়; ছিল মুসলমান সমাজের ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্ন।
মুসলিম লীগ তাই এক অর্থে মুসলমানদের political representation-এর institutional form—মুসলিম রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রাতিষ্ঠানিক রূপ। দলীয় জন্মের চেয়ে এখানে বেশি গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক ভাষার জন্ম। মুসলমানরা আর শুধু অন্যের “জাতীয়তা”র ভিতরে নিজেদের অবস্থান খুঁজবে না; তারা নিজেদের সামাজিক ইতিহাস, রাজনৈতিক বঞ্চনা ও ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্নকে আলাদা নামে, আলাদা সংগঠনে এবং আলাদা দাবি হিসেবে সাজাতে শুরু করবে।
প্রতিনিধিত্ব, ক্ষমতা ও পরিচয়ের প্রশ্ন
প্রতিনিধিত্বের প্রশ্নকে শুধু আইনসভায় কয়েকটি আসন পাওয়ার প্রশ্ন ভাবলে মুসলিম রাজনীতির মেরুদণ্ড বোঝা যায় না। আসন ছিল দৃশ্যমান অংশ; প্রকৃত প্রশ্ন ছিল দায়বদ্ধতা। একজন প্রতিনিধি কাদের কাছে জবাবদিহি করবে? যে ভোটে সে নির্বাচিত হবে, সেই ভোট কি মুসলমান সমাজের উদ্বেগ বহন করবে, নাকি সংখ্যাগুরু সমাজের রাজনৈতিক মনস্তত্ত্বের সঙ্গে তাকে মানিয়ে চলতে হবে?
এই প্রশ্ন কংগ্রেসের সর্বভারতীয় দাবিকে অস্বস্তিতে ফেলে। কারণ “জাতীয়তা” শব্দটি যত বিস্তৃত শোনাক, যদি তার ভিতরে এক বড় জনগোষ্ঠীর আলাদা ইতিহাস, সামাজিক অবস্থা ও নিরাপত্তার প্রশ্ন জায়গা না পায়, তবে সেই জাতীয়তা সংহতির ভাষা হলেও ক্ষমতার ভাষায় সংখ্যাগুরুর দিকে ঝুঁকে পড়ে। কংগ্রেসের সর্বভারতীয় ভাষার ভিতরে মুসলমানরা নিজেদের ঐতিহাসিক-রাজনৈতিক বাস্তবতা নিরাপদ দেখতে পায়নি—এই অস্বস্তিই পরে মুসলিম প্রতিনিধিত্বের দাবিকে গভীর করে।
জিন্নাহর রাজনৈতিক যাত্রা এই সংকটের একটি গুরুত্বপূর্ণ দলিল। এম. এ. মোহাইমেনের আলোচনায় জিন্নাহ শুরুতে অখণ্ড ভারত, হিন্দু-মুসলিম ঐক্য ও সর্বভারতীয় রাজনীতির মানুষ হিসেবে আসেন। তিনি প্রথম দিকে সরাসরি মুসলিম লীগের লোক ছিলেন না; কংগ্রেসের সঙ্গে থেকেও মুসলিম লীগের অধিবেশনে যেতেন এবং হিন্দু-মুসলিম ঐক্যের পক্ষে কথা বলতেন। সরোজিনী নাইডুর ভাষ্যে তিনি একসময় হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক হিসেবেও পরিচিত ছিলেন। (এম. এ. মোহাইমেন, ইতিহাসের আলোকে দেশ বিভাগ ও কায়েদে আযম জিন্নাহ, পৃ. ১–২)
এই রূপান্তরকে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা দিয়ে ব্যাখ্যা করলে বিষয়টি হালকা হয়ে যায়। জিন্নাহর অবস্থান বদল দেখায়, ভারতের জাতীয় রাজনীতির কাঠামোর ভিতরেই মুসলিম প্রতিনিধিত্বের প্রশ্ন অমীমাংসিত ছিল। গান্ধী-পরবর্তী কংগ্রেস যখন গণআন্দোলন, ধর্মীয় আবেগ, খিলাফত-অসহযোগ রাজনীতি এবং রাস্তার জনমতকে রাজনীতির প্রধান ভাষা হিসেবে সামনে আনতে থাকে, জিন্নাহর constitutional politics—সাংবিধানিক ও আইনভিত্তিক রাজনীতির পদ্ধতি—তার সঙ্গে সংঘাতে পড়ে। মোহাইমেন এই দ্বন্দ্বকে পৃ. ৪–৯-এ জিন্নাহর রাজনৈতিক অস্বস্তির ধারায় দেখিয়েছেন।
এখানে প্রতিনিধিত্ব তিন স্তরের সংকটে পড়ে।
প্রথমত, প্রতিনিধি কাকে প্রতিনিধিত্ব করবে—ভারতের একক “জাতি”কে, নাকি ভারতবর্ষের ভিতরে থাকা পৃথক ঐতিহাসিক জনগোষ্ঠীগুলোকেও?
দ্বিতীয়ত, রাজনৈতিক পদ্ধতি কী হবে—লিখিত নিশ্চয়তা, সাংবিধানিক দরকষাকষি ও ক্ষমতা-বণ্টনের কাঠামো, নাকি সংখ্যাগুরু জনআবেগের চাপ?
তৃতীয়ত, মুসলমানদের পরিচয় কীভাবে নির্ধারিত হবে—ধর্মীয় সম্প্রদায় হিসেবে, নাকি আলাদা ঐতিহাসিক-রাজনৈতিক সত্তা হিসেবে?
এই তিনটি প্রশ্নের জবাব না দিলে মুসলমানদের প্রতিনিধিত্ব কাগজে থাকতে পারে, কিন্তু বাস্তবে তা ভঙ্গুর হয়ে যায়। যে প্রতিনিধি সংখ্যাগুরু ভোটের উপর নির্ভর করে, সে সংখ্যাগুরু মনস্তত্ত্বের বাইরে কতদূর যেতে পারবে? যে রাজনৈতিক দল মুসলমানের আলাদা বাস্তবতা স্বীকার না করেই “জাতীয়তা”র দাবি তোলে, তার ভিতরে মুসলমানের কণ্ঠ কতটা স্বতন্ত্র থাকবে? এসব প্রশ্নের কারণেই পৃথক প্রতিনিধিত্ব মুসলিম রাজনীতিতে কৌশলগত নয়, অস্তিত্বগত প্রশ্নে পরিণত হয়।
পৃথক নির্বাচকমণ্ডলীকে তাই শুধু ব্রিটিশ বিভাজননীতির ফল বলে ফেলে দিলে মুসলমানদের রাজনৈতিক যুক্তি মুছে যায়। ব্রিটিশরা নিশ্চয়ই নিজেদের স্বার্থে বিভাজন ব্যবহার করেছে; কিন্তু মুসলমানদের আলাদা প্রতিনিধিত্বের দাবি শুধু ব্রিটিশ কৌশলের কৃত্রিম ফল ছিল না। তার ভিতরে ছিল সংখ্যাগুরু-নিয়ন্ত্রিত জাতীয়তার নিচে চাপা পড়ে যাওয়ার আশঙ্কা, নিজের প্রতিনিধি নিজের সমাজের কাছে দায়বদ্ধ রাখার চেষ্টা, এবং ভবিষ্যৎ রাষ্ট্রে মর্যাদার ন্যূনতম কাঠামো গড়ে তোলার দাবি।
মুসলিম লীগ এই দাবির সম্পূর্ণ ও পরিণত উত্তর প্রথম দিনেই দিতে পারেনি। কিন্তু সে একটি কাজ করেছে: কংগ্রেসের সর্বভারতীয় ভাষার ভিতরে যে মুসলিম প্রশ্ন চাপা পড়ছিল, তাকে আলাদা রাজনৈতিক ভাষায় দাঁড় করিয়েছে। এখান থেকে মুসলিম রাজনীতি আর কেবল শিক্ষা বা সামাজিক পুনর্গঠনের স্তরে থাকেনি; তা প্রবেশ করেছে ক্ষমতা, প্রতিনিধিত্ব ও জাতিসত্তার কঠিন অঞ্চলে।
“সংখ্যালঘু” না “আলাদা জাতিসত্তা”?
ব্রিটিশ ভারতের রাজনৈতিক অভিধানে “সংখ্যালঘু” শব্দটি মুসলমানদের জন্য যথেষ্ট ছিল না। শব্দটি তাদের সংখ্যা মাপে, কিন্তু ইতিহাস মাপে না। ভোটের অঙ্ক বলে, কোথায় তারা কম; কিন্তু সেই অঙ্ক বলে না, তারা কোন স্মৃতি বহন করে, কোন আইন-সংস্কৃতির ধারক, কোন সভ্যতার উত্তরাধিকারী, কোন রাজনৈতিক পতনের অভিজ্ঞতা নিয়ে নতুন রাষ্ট্রের সামনে দাঁড়িয়েছে।
সংখ্যালঘু পরিচয় নিরাপত্তা চায়; জাতিসত্তা পরিচয় অংশীদারিত্ব দাবি করে। এই দুইয়ের ফারাক বিশাল। সংখ্যালঘু রাষ্ট্রের ভিতরে সুরক্ষা খোঁজে, কিন্তু রাষ্ট্রের মূল কল্পনা অন্যের হাতে থাকে। জাতিসত্তা রাষ্ট্রের কাঠামো নিয়ে প্রশ্ন তোলে—ক্ষমতা কীভাবে ভাগ হবে, ইতিহাস কীভাবে লেখা হবে, আইনসভায় কণ্ঠ কার হাতে থাকবে, এবং ভবিষ্যৎ রাষ্ট্রের আত্মা একক সংখ্যাগুরু সংস্কৃতির হাতে যাবে কি না।
মুসলমানদের রাজনৈতিক যাত্রা এই ফারাকের ভিতর দিয়েই এগিয়েছে। প্রথমে প্রশ্ন ছিল নিরাপত্তার; তারপর প্রতিনিধিত্বের; তারপর ক্ষমতার অংশীদারিত্বের; শেষ পর্যন্ত তা জাতিসত্তার স্বীকৃতির প্রশ্নে পৌঁছায়। আগের পর্বে সংখ্যার গণতন্ত্র নিয়ে যে যুক্তি এসেছে—শুধু ভোটাধিকার একটি দুর্বল সমাজকে নিরাপদ করে না, যদি তার পেছনে শিক্ষা, সংগঠন, সম্পদ ও নেতৃত্ব না থাকে—এই যুক্তি এখানেই নতুন অর্থ পায়।
আপামর মুসলমানদের আপত্তি গণতন্ত্রের বিরুদ্ধে ছিল না। আপত্তি ছিল এমন গণতন্ত্রের বিরুদ্ধে, যেখানে সংখ্যা একমাত্র নীতি হয়ে দাঁড়ায় এবং সভ্যতা, ইতিহাস, আইন-সংস্কৃতি, স্মৃতি ও রাজনৈতিক নিরাপত্তা সংখ্যাগুরুর সদিচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়। সংখ্যাগরিষ্ঠতা যদি রাষ্ট্রের ভাষা, শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাস নির্ধারণ করে, তাহলে সংখ্যালঘু সমাজের অধিকার কাগজে থাকলেও তার আত্মপরিচয় দুর্বল হয়ে পড়ে।
এই কারণেই “সংখ্যা” ও “সভ্যতা”র সংঘাত মুসলিম রাজনীতির ভিতরে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংখ্যা জিজ্ঞেস করে, তুমি কতজন। সভ্যতা জিজ্ঞেস করে, তুমি কে। সংখ্যা আসন গোনে; সভ্যতা ইতিহাস, স্মৃতি, আইন, ধর্ম, সংস্কৃতি ও রাজনৈতিক ভবিষ্যতের ধারাবাহিকতা খোঁজে। সংখ্যা মুসলমানকে minority বানাতে পারে; সভ্যতার প্রশ্ন তাকে historical-political nation—ঐতিহাসিক-রাজনৈতিক জাতিসত্তা—হিসেবে পড়তে বাধ্য করে।
এখানে মুসলিম লীগের প্রাথমিক অভিজাত চরিত্র আবারও নতুন আলোতে দেখা যায়। জন্মের সময় সে পূর্ণ জাতির আন্দোলন নয়, কিন্তু সে জাতির প্রশ্নকে রাজনৈতিক ভাষায় আনতে শুরু করেছে। সে কৃষক, শ্রমিক, প্রান্তিক মুসলমানের পূর্ণ ভাষা তখনও ধারণ করেনি, কিন্তু সে এমন একটি কাঠামো দাঁড় করিয়েছে যার ভিতর দিয়ে মুসলমানদের আলাদা রাজনৈতিক সত্তা দাবি করার পথ খুলেছে।
এই দাবির ভিতরে ধর্ম ছিল, কিন্তু শুধু ধর্মীয় আবেগ ছিল না; ইতিহাস ছিল, আইন-সংস্কৃতি ছিল, রাজনৈতিক পতনের স্মৃতি ছিল, ভবিষ্যৎ নিরাপত্তার হিসাব ছিল। মুসলমানরা নিজেদের শুধু উপাসনালয়ের মানুষ হিসেবে নয়, ইতিহাসের মানুষ, আইনের মানুষ, সমাজের মানুষ, রাজনৈতিক ভবিষ্যতের মানুষ হিসেবে দেখতে শুরু করে। মুসলিম রাজনৈতিক জাগরণ অভিজাত দরবারের ভাষা অতিক্রম করে জাতীয় আন্দোলনের দিকে অগ্রসর হয়।
১৯৪৭ তখনও দূরে। কিন্তু তার ভাষা তৈরি হচ্ছে—শিক্ষা থেকে সংগঠন, সংগঠন থেকে প্রতিনিধিত্ব, প্রতিনিধিত্ব থেকে জাতিসত্তা। মুসলিম লীগের জন্ম সেই দীর্ঘ রূপান্তরের প্রথম প্রাতিষ্ঠানিক চিহ্ন।

Post a Comment